রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ

ম্যাচের ৭৪তম মিনিটে মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার সংকেত দেওয়া হলে করতালিতে মুখর হয়ে ওঠে অ্যানফিল্ড। দর্শকদের অভিবাদনের জবাবে হাত নাড়েন মিশরীয় তারকা। একে একে সতীর্থদের আলিঙ্গন আর সিজদাহ দিয়ে লিভারপুলের জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন তিনি।
রোববার প্রিমিয়ার লিগের শেষ দিনে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হয় সালাহর নয় বছরের লিভারপুল অধ্যায়। বিদায়ের দিনে গড়েছেন নতুন রেকর্ডও। স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার কীর্তি এখন তার দখলে। সালাহর অ্যাসিস্ট সংখ্যা ৯৩, যেখানে জেরার্ডের ছিল ৯২।
তবে বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। যদিও এই এক পয়েন্টেই আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করে লিভারপুল।
ঘরের মাঠে গোলও পেতে পারতেন সালাহ। ম্যাচের ১৯তম মিনিটে তার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে কার্টিস জোন্সের গোলে এগিয়ে যায় লিভারপুল। সেই গোলে অবদান রেখেই জেরার্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন সালাহ।
তবে পাঁচ মিনিট পর সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। এরপর দর্শকদের তুমুল করতালির মধ্যে মাঠ ছাড়েন এই তারকা ফরোয়ার্ড।
গত বছর ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করলেও, গত মার্চে সালাহ জানিয়ে দেন চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন তিনি।
২০১৭ সালে ক্লাব রেকর্ড ট্রান্সফার ফিতে তাকে দলে ভেড়ায় লিভারপুল। ক্লাবটির প্রথম মিশরীয় ফুটবলার হিসেবে দ্রুতই সমর্থকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি। সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগসহ সব বড় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালাহ।
বর্তমান কোচ আর্না স্লটের প্রথম মৌসুমেও লিভারপুলের সাফল্যে বড় অবদান ছিল তার। গত মৌসুমে লিগে সর্বোচ্চ ২৯ গোল করেছিলেন তিনি।
তবে এবার তার পারফরম্যান্সে কিছুটা ছন্দপতন দেখা যায়। বেশ কয়েকটি ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি তার। কোচের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়েও গুঞ্জন ছড়ায়। এক পর্যায়ে তাকে স্কোয়াডের বাইরেও রাখা হয়।
পরে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি আগের অবস্থায় ফেরেনি। গত সপ্তাহে অ্যাস্টন ভিলার বিপক্ষে হারের পর সামাজিক মাধ্যমে দলের খেলার ধরন নিয়ে প্রশ্নও তুলেছিলেন সালাহ।
ব্রেন্টফোর্ড ম্যাচের আগে কোচ আর্না স্লট বলেন, ‘মো এবং আমার লক্ষ্য একই। আমরা দুজনই ক্লাবের জন্য সেরাটা চাই।’
শেষ পর্যন্ত বিদায়ী ম্যাচে শুরু থেকেই খেলেন সালাহ এবং রেকর্ড গড়ে শেষ করেন লিভারপুল অধ্যায়।
লিভারপুলের হয়ে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল ও ১২৩ অ্যাসিস্ট নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থান থেকে বিদায় নিলেন তিনি। পাশাপাশি জিতেছেন অসংখ্য দলীয় ও ব্যক্তিগত পুরস্কার।
ভিওডি বাংলা/আ







