• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হার দিয়ে শেষ হলো গার্দিওলার সিটি অধ্যায়

স্পোর্টস ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৩:৩২ এ.এম.
আবেগাপ্লুত মিডফিল্ডার বার্নার্দো সিলভা ও কোচ পেপ গার্দিওলা। ছবি: সংগৃহীত

দুই অর্ধে দুই রূপে দেখা গেল ম্যানচেস্টার সিটিকে। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবলে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে অ্যাস্টন ভিলার গতিময় ফুটবলের সামনে ছন্দ হারায় পেপ গার্দিওলার দল। শেষ পর্যন্ত মৌসুমের শেষ ম্যাচে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোববার একসঙ্গে মাঠে নামে ২০ দল। ৩৮তম রাউন্ডে ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলার কাছে পরাজিত হয় সিটি।

ম্যাচের ২৩তম মিনিটে অ্যান্টোয়ান সেমেনিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে ভিলার এক ডিফেন্ডারের ফ্লিক করা বল পেছনের পোস্টে পেয়ে সহজেই জালে পাঠান তিনি।

প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর আরও দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সিটি।

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। প্রথমার্ধে গোলের জন্য একটি শটও নিতে না পারা ভিলা ৪৭তম মিনিটে সমতায় ফেরে। কর্নার থেকে জন স্টোন্সের হেড অলি ওয়াটকিন্সের গায়ে লেগে সামনে পড়ে। দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে কাছ থেকে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড।

৫৯তম মিনিটে দর্শকদের গার্ড অব অনার ও করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন বার্নার্দো সিলভা। এই ম্যাচ দিয়েই ম্যানচেস্টার সিটির অধ্যায়ের ইতি টানেন পর্তুগিজ মিডফিল্ডার।

মাঠ ছাড়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সিলভা। ডাগআউটে দাঁড়িয়ে থাকা বিদায়ী কোচ পেপ গার্দিওলার চোখেও দেখা যায় অশ্রু।

৬১তম মিনিটে দ্বিতীয় গোল করে ভিলাকে এগিয়ে দেন ওয়াটকিন্স। অফসাইডের ফাঁদ ভেঙে এগিয়ে গিয়ে স্টোন্সকে কাটিয়ে জোরালো শটে গোল করেন তিনি।

৭৮তম মিনিটে একইভাবে দর্শকদের অভিবাদনের মধ্য দিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ ডিফেন্ডার জন স্টোন্স। সিটির সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

৮৯তম মিনিটে ফিল ফোডেন বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ভিএআরের রিপ্লেতেও বিষয়টি স্পষ্ট না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বাগতিক সমর্থকরা।

৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে ম্যানচেস্টার সিটি। একই সঙ্গে শেষ হলো পেপ গুয়ার্দিওলার সফল এক অধ্যায়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খেলাধুলার মানোন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলার মানোন্নয়নে নিরলস কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল
তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব