শেষ ম্যাচ জিতে অবনমন এড়ালো টটেনহ্যাম

ধারাবাহিক ব্যর্থতায় ৪৯ বছরের মধ্যে প্রথমবার দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় ছিল টটেনহ্যাম হটস্পার। তবে শেষ ম্যাচের বাঁচা-মরার লড়াইয়ে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকল উত্তর লন্ডনের ক্লাবটি।
রোববার টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে লিগের শেষ রাউন্ডে ১-০ গোলে জয় পায় টটেনহ্যাম। ম্যাচের একমাত্র গোলটি করেন জোয়াও পালিনিয়া।
শেষ ছয় ম্যাচে এটি টটেনহ্যামের তৃতীয় জয়। ৩৮ ম্যাচে ১০ জয় ও ১১ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে রবের্তো দে জেরবির দল।
চাপের ম্যাচে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখালেও গোল পাচ্ছিল না টটেনহ্যাম। অবশেষে ৪৩তম মিনিটে কর্নার থেকে প্রথম হেড পোস্টে লেগে ফিরে এলে ছয় গজ বক্সে পাওয়া বল নিচু শটে জালে পাঠান পালিনিয়া।
প্রথমার্ধে গোলের জন্য ১৪টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র একটি, সেটিই হয়ে ওঠে ম্যাচের পার্থক্য।
গোলের পর টটেনহ্যাম খেলোয়াড়দের উচ্ছ্বাসেই স্পষ্ট হয়ে ওঠে জয়ের গুরুত্ব।
অন্যদিকে, একই সময়ে লিডস ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েও অবনমন এড়াতে পারেনি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ৩৯ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে দলটি।
প্রিমিয়ার লিগে টানা ১৪ বছর খেলার পর চ্যাম্পিয়নশিপে অবনমন হলো ওয়েস্ট হ্যামের। এর আগে বার্নলি ও উলভারহ্যাম্পটনের অবনমন নিশ্চিত হয়েছিল।
আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল জয়ের মধ্য দিয়েই মৌসুম শেষ করেছে। ২২ বছর পর প্রিমিয়ার লিগ জয়ী দলটি শেষ ম্যাচে ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে।
৩৮ ম্যাচে ২৬ জয় ও সাত ড্রয়ে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৮৫।
ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়ে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অ্যাস্টন ভিলা।
আর ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে লিভারপুল।
ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড ইউরোপা লিগে জায়গা করে নিয়েছে। আর অষ্টম স্থানে থাকা ব্রাইটন খেলবে উয়েফা কনফারেন্স লিগে।
ভিওডি বাংলা/আ







