রামিসা ধর্ষণ-হত্যা: রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিদের পক্ষে আদালতে মামলার কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ন্যায়বিচার নিশ্চিতে রাষ্ট্রীয় খরচে আসামিদের পক্ষে মামলা পরিচালনায় ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশটি অবিলম্বে কার্যকর এবং আইনজীবী বিধি মোতাবেক ভাতা পাবেন বলেও আদেশে জানানো হয়।
এদিকে রোববার বিকেলে মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আগামী ১ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, একইদিন বিকেল ৪টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
অভিযোগপত্র দাখিলের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন। শুনানির সময় দুই আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
এর আগে, বুধবার (২০ মে) প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভিওডি বাংলা/এফএ







