সিসি ক্যামেরার আওতায় জাতীয় ঈদগাহ, প্রধান জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক প্রস্তুতি প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ ময়দানকে মুসল্লিদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আরামদায়ক করে তুলতে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করা হচ্ছে। মাঠজুড়ে সামিয়ানা ও প্যান্ডেল স্থাপন, মুসল্লিদের বসার জন্য ত্রিপল বিছানো, অজুখানা নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা এবং আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ হয়েছে।
এছাড়া নারী ও পুরুষদের জন্য পৃথক নামাজের স্থান, আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ এবং নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে। বয়স্ক, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের চলাচলের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাঠজুড়ে পর্যাপ্ত ফ্যান ও লাইট স্থাপন করা হচ্ছে, যাতে গরমের মধ্যেও মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন। একই সঙ্গে কন্ট্রোল রুম স্থাপন, জরুরি সেবাকেন্দ্র, ভিআইপি টয়লেট এবং মেডিকেল সহায়তা কেন্দ্র তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে।
নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো ঈদগাহ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। মুসল্লিদের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার জন্য একাধিক গেট প্রস্তুত করা হচ্ছে এবং ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য পৃথক কাতার নির্ধারণ করা হয়েছে।
এদিকে, বৃষ্টিপাত বা জলাবদ্ধতার সম্ভাবনা মাথায় রেখে ড্রেনেজ ব্যবস্থাও উন্নত করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহে যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য বিকল্প জেনারেটরের ব্যবস্থাও রাখা হচ্ছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিশেষ স্প্রে কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করছে সংশ্লিষ্ট বিভাগ।
কর্মকর্তারা জানিয়েছেন, এবার জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই ঈদের জামাতকে সুষ্ঠু, নিরাপদ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রস্তুতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জাতীয় ঈদগাহের প্রধান জামাত সম্পন্ন হবে এবং মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
ভিওডি বাংলা/এফএ







