নভেম্বরে ফুটবল উৎসবে মাতবে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এবার হতে যাচ্ছে বাংলাদেশে। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা থাকলেও সময়সূচিতে পরিবর্তন এনে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ নভেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
সাফের সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল জানিয়েছেন, টুর্নামেন্টের নতুন সূচি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই দেওয়া হবে।
ভারতের গোয়া থেকে তিনি জানান, স্বাগতিক হওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবেদন করেছে এবং সেটি অনুমোদনের পথে রয়েছে। দেশের দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হলেও কোন স্টেডিয়ামে খেলা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইতোমধ্যে সাফভুক্ত সাতটি দেশ নভেম্বরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে অংশগ্রহণে সম্মতি দিয়েছে। আগামী ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডো থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ওই উইন্ডো শুরুর আগেই প্রতিযোগিতা শুরু করতে চায় সাফ।
মূলত বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের প্রবাসী ও দ্বৈত নাগরিক ফুটবলাররা ইউরোপ ও অন্যান্য দেশের বিভিন্ন লিগে খেলেন। জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দীর্ঘ ফিফা উইন্ডোর সময় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সে সময় ভারত এশিয়ান প্রতিযোগিতায় ব্যস্ত থাকায় সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়া হয়।
টুর্নামেন্ট আয়োজনের পথে স্পন্সর সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে সেই সমস্যার সমাধান হয়েছে বলেও জানিয়েছেন সাফ সাধারণ সম্পাদক পুরুষত্তোম ক্যাটেল।
ভিওডি বাংলা/এমএস






