আরাফাতে গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, ইবাদতে মশগুল হাজীরা

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আরাফাতের ময়দানে অবস্থান করছেন বিশ্বের লাখো মুসল্লি। আল্লাহর সন্তুষ্টি ও গুনাহমুক্তির আশায় দিনভর দোয়া, জিকির, তওবা ও মোনাজাতে কাটাচ্ছেন তাঁরা। সূর্যাস্ত পর্যন্ত ঐতিহাসিক এ ময়দানেই অবস্থান করবেন আল্লাহর মেহমানরা।
মঙ্গলবার (২৬ মে) সৌদি আরবের আরাফাতে তাঁবুতে তাঁবুতে চলছে দোয়া-দরুদ, ধর্মীয় আলোচনা ও ওয়াজ-নসিহত। কেউ নীরবে, আবার কেউ অশ্রুসজল চোখে মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছেন। অতীতের গুনাহ ও ভুল-ত্রুটির জন্য চলছে কান্না আর রোনাজারি।
ইসলামী শরিয়তে আরাফাতে অবস্থানকে হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে গণ্য করা হয়। তাই হজ কবুলের আকুতি আর আত্মশুদ্ধির প্রত্যাশায় হাজীদের হৃদয়জুড়ে আজ বিশেষ আবেগের ছোঁয়া।
তীব্র গরমের কারণে হাজীদের তাঁবুর ভেতরে অবস্থানের নির্দেশনা দেওয়া হলেও অনেকে তা উপেক্ষা করে বাইরে ইবাদতে অংশ নিচ্ছেন।
এর আগে সোমবার রাত থেকেই মিনার তাঁবু নগরী ছেড়ে আরাফাতের পথে যাত্রা শুরু করেন হাজীরা। দুপুরে মসজিদে নামিরায় হজের খুতবা প্রদান করেন ইমামুম হজ, মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজীরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করেন।
সূর্যাস্তের পর হাজীরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত কাটাবেন তাঁরা। পরদিন বুধবার ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজীরা। পরে পশু কোরবানিসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।
ভিওডি বাংলা/এমএস







