• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপ খেলতে নেই ঝুঁকি

স্পোর্টস ডেস্ক    ২৬ মে ২০২৬, ০৩:৫৬ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে লিওনেল মেসির মাঠ ছাড়াকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তা স্বস্তিতে রূপ নিয়েছে আর্জেন্টিনা শিবিরে। প্রাথমিক পরীক্ষায় জানা গেছে, তার চোট গুরুতর নয় এবং আসন্ন ম্যাচগুলোতে খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই।

ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে কিছুটা অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে এমন ঘটনা ভক্তদের মধ্যে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছিল।

তবে ক্রীড়া মাধ্যম ‘দোবলে আমারিজা’ নিশ্চিত করেছে, প্রাথমিক মেডিকেল পরীক্ষায় তার বড় কোনো ইনজুরি ধরা পড়েনি। বরং এটি কেবল পেশির ক্লান্তি বা হালকা টান বলে জানানো হয়েছে। ফলে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণে কোনো বাধা নেই।

গত রোববার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ী ম্যাচে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই মায়ামি ও আর্জেন্টিনা দুই শিবিরেই উদ্বেগ দেখা দেয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর সেই শঙ্কা কেটে গেছে।

কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মেসির এমন পেশির টান বা ম্যাচ চলাকালে মাঠ ছাড়ার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে ক্লাব ও জাতীয় দল উভয় পর্যায়েই তিনি একাধিকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবে বড় কোনো ইনজুরি বা পেশি ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর সমস্যায় পড়েননি তিনি।

পরীক্ষায় বড় ধরনের চোটের আশঙ্কা নাকচ হয়ে যাওয়ায় স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা কোচিং স্টাফের মধ্যে। এতে বিশ্বকাপের আগে শেষ দিকের প্রীতি ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবেন স্কালোনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ