• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নতুন নেতৃত্বে কুশল মেন্ডিস, স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক    ২৬ মে ২০২৬, ০২:৫৭ এ.এম.
শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই দল ঘোষণা করেছে লঙ্কান বোর্ড, যেখানে সাদা বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিস।

সোমবার (২৫ মে) ঘোষিত দলে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। এর আগে ১৭টি ওয়ানডেতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। নতুন দায়িত্বে তিনি ওয়ানডেতে চারিথ আসালাঙ্কা এবং টি-টোয়েন্টিতে দাসুন শানাকার স্থলাভিষিক্ত হলেন।

চোট কাটিয়ে দলে ফিরেছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। তবে এবার তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই রাখা হয়েছে।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ পারফর্ম করা পেসার ইশান মালিঙ্গাও কাঁধের চোট থেকে সেরে জাতীয় দলে ফিরেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করা এই তরুণকে সাদা বলের দুই দলেই অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলে ফেরা পেসার দুষ্মন্ত চামিরাও ওয়ানডে দলে ফিরেছেন।

টেস্ট দলে আবারও জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার নিশান মাদুশকা এবং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। ইনজুরি থেকে সেরে উঠার পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাও। টি-টোয়েন্টি দলে চমক হিসেবে ডাক পেয়েছেন ওপেনার লাসিথ ক্রসপুল্লে, যিনি ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলে ফিরলেন। সংক্ষিপ্ত সংস্করণের দলে আরও আছেন পেসার বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শ্রীলঙ্কা ৩ থেকে ৮ জুন পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এরপর ১২, ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবশেষে ২৫ জুন থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সফরটি সামনে রেখে মঙ্গলবার (২৬ মে) ক্যারিবীয় অঞ্চলের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা দল।

টেস্ট স্কোয়াড: ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দীনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, সনাল দিনুশা, কুশল মেন্ডিস, মিলান রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আশিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশিথা বিজেসুন্দারা ও কাসুন রাজিথা।

ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, জানিথ লিয়ানাগে, চারিথ আসালাঙ্কা, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, আশিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান।

টি-টোয়েন্টি স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), পাতুম নিশঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রসপুল্লে, পবন রত্নায়েকে, দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুসারা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, দুশ্চিন্তায় আর্জেন্টিনা
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে
কোমোর ইতিহাস, প্রথমবার খেলবে চ্যাম্পিয়ন্স লিগে
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ
রেকর্ড গড়ে লিভারপুল ছাড়লেন সালাহ