১০ নম্বর জার্সি হারাচ্ছেন নেইমার!

২০২৬ ফিফা বিশ্বকাপের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ব্রাজিল ফুটবলের অন্দরমহলে ততই উপড়ের দিকে উঠছে বিতর্কের পারদ। মাঠের কৌশলের চেয়েও এখন ব্রাজিলিয়ানদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এক চিরন্তন প্রশ্ন— কে গায়ে চাপাবেন সেলেসাওদের ঐতিহাসিক ‘১০ নম্বর’ জার্সি?
এক যুগেরও বেশি সময় ধরে এই রাজকীয় জার্সির অবিসংবাদিত মালিক নেইমার জুনিয়র কি এবার এই সিংহাসন হারাতে যাচ্ছেন? ডানা মেলতে থাকা নতুন মহাতারকা ভিনিসিয়ুস জুনিয়রের নাম বাতাসে ভাসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক ও ভক্তদের ক্ষোভ প্রকাশ।
সম্প্রতি গুঞ্জন ওঠে, নেইমারকে তার চেনা ১০ নম্বর বদলে ১৩ নম্বর জার্সি দেয়া হতে পারে এবং ভিনি হবেন ব্রাজিলের নতুন প্রাণভ্রমরা। যদিও পরবর্তীতে এই খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে। তবে তাতে ক্ষোভ ও বিতর্কের আগুন দমেনি। এই বিতর্ক কেবল একটি সংখ্যার লড়াই নয়, এটি আসলে ব্রাজিলের সোনালী অতীত ও উদীয়মান ভবিষ্যতের এক চরম সংঘাত। পেলের জাদুকরী ছোঁয়ায় ১০ নম্বর জার্সিটি বিশ্ব ফুটবলের অমূল্য এক স্মারক হয়ে ওঠে। জিকো, রিভালদো, রোনালদিনহো এবং কাকারা সেই ঐতিহ্যকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
২০১৩ সালের ২১ জুন থেকে সেই গুরুভার নিজের কাঁধে তুলে নেন নেইমার। চোট আর সমালোচনা সত্ত্বেও দলের ভেতর তার মানসিক ও কৌশলগত প্রভাব এখনো অতুলনীয়। ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির ড্রেসিংরুমেও নেইমারের গুরুত্ব অপরিসীম, যা কিছুদিন আগেই তার সতীর্থ রাফিনিয়ার কণ্ঠে শোনা যায়।
দলের এই অভ্যন্তরীণ মর্যাদা বজায় থাকলে নেইমার হয়তো তার ১০ নম্বর জার্সিটি ধরে রাখবেন এবং ভিনি রিয়াল মাদ্রিদের মতো জাতীয় দলেও তার প্রিয় ‘৭ নম্বর’ জার্সিতেই ফিরে যাবেন। তবে তরুণ ভক্তদের দাবি ভিন্ন। ২০২৩ সালে নেইমারের চোটজনিত অনুপস্থিতিতে ভিনি যখন ১০ নম্বর জার্সি গায়ে চাপান, তখন অনেকেই ব্রাজিলের ফুটবলে এক নতুন যুগের সূর্যোদয় দেখে ফেলেন। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী এই উইঙ্গারকে এখন অনেকেই সেলেসাওদের নতুন কাণ্ডারি ভাবছেন।
এদিকে, ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেইমার। এবার ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামলে তিনি হবেন ব্রাজিলের ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি টানা চারটি বিশ্বকাপে এই আইকনিক জার্সি পরে খেলার অনন্য কীর্তি গড়বেন। এমন কিছু স্বয়ং সম্রাট পেলেও করতে পারেননি। ১৯৫৮ বিশ্বকাপে যে ১০ নম্বর জার্সিটি পেলের পিঠে ওঠে স্রেফ ফিফার এক আকস্মিক ‘লটারির’ মাধ্যমে। আজ কয়েক দশক পর সেই একই জার্সি ব্রাজিলিয়ান ফুটবলে এক নতুন ঝড়ের জন্ম দিয়েছে।
ভিওডি বাংলা/এফএ







