বিজিবির বিশেষ অভিযানে-ছবি-ভিওডি বাংলা
কুড়িগ্রামে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৮ এপ্রিল) সকালে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল ফোনের ডিসপ্লে, পেট্রল, অকটেন, ডিজেল, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ সময় চোরাচালান ও অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুইজন আসামিকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আনোয়ার হোসেন (২৯) এবং একই ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের মগোল হোসেনের ছেলে রিপন মিয়া (২৮)।
বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভিওডি বাংলা/জা