রাজশাহীতে ২০ এপ্রিল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে এইএফআই সার্ভিলেন্স বিষয়ক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, বর্তমান সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। দেশের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার মতো প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখতে এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো শিশু যেন টিকাদান কার্যক্রমের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে হবে। মাঠ পর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই কর্মসূচিকে শতভাগ সফল করতে হবে।”
নগর উন্নয়ন ও সেবার প্রসঙ্গ টেনে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী একটি নতুন ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, আধুনিক ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে হাম রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রায় ৮০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের ফলে ইতোমধ্যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে হাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. ফারহানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অংশগ্রহণ করেন। তারা আসন্ন ক্যাম্পেইনে মাঠপর্যায়ে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এবার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শিশু স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভিওডি বাংলা/জা







