কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালন

নানা আয়োজনে কুড়িগ্রামে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের পাশে বড়াইবাড়ী যুদ্ধে শহীদ তিন তৎকালীন বিডিআর সদস্যের স্মরনে নির্মিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ অর্পণ করেন বিএনপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে সেখানে স্থানীয়দের আয়োজনে আলোচনাসভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন, জেলা বিএনপি'র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয়রা।
আলোচনা সভায় বক্তারা শহীদদের স্মরণে স্থায়ী স্মৃতি ফলক নির্মাণ ও দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান।
২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে তৎকালীন বিডিআর-গ্রামবাসী ও বিএসএফ'র মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
সেদিন ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উস্কানিতে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে অতর্কিত হামলা চালায়। এতে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, চলে ধ্বংসযজ্ঞ।
তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর ও গ্রামবাসীরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ।
সংঘর্ষে ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের শহীদ হন।
অপরদিকে বিএসএফের ১৬ সদস্য নিহত হয়।
ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা







