একটি ‘না’ শব্দের পরিণতি মৃত্যু
পল্লবীর নৃশংস হত্যার রহস্য উন্মোচন

রাজধানীর পল্লবীতে আবাসিক এলাকায় প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নিরাপত্তাকর্মীকে মারধর করে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করে অভিযুক্ত অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পিবিআই ঢাকা মহানগর (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।
তিনি জানান, নিহত সালাউদ্দিন (৫৫) ‘মেরিট সিকিউরিটি সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর নিরাপত্তাকর্মী হিসেবে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালন করতেন। গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে অটোরিকশা নিয়ে ওই এলাকায় প্রবেশের চেষ্টা করেন সাগর শেখ বাবু। এলাকাটিতে রিকশা প্রবেশে বাড়ির মালিক সমিতির মৌখিক নিষেধাজ্ঞা থাকায় দায়িত্বে থাকা সালাউদ্দিন তাকে বাধা দেন।
এ নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর শেখ বাবু নিরাপত্তাকর্মী সালাউদ্দিনকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করেন। পরদিন বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্ত্রী হালিমা বেগম ১৫ এপ্রিল পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনায় পিবিআই ঢাকা মেট্রো উত্তর তদন্ত শুরু করে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত সাগর শেখ বাবুকে শনাক্ত করা হয়।
গ্রেপ্তার এড়াতে তিনি শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলী এলাকায় অবস্থান পরিবর্তন করছিলেন। অবশেষে ১৬ এপ্রিল রাত ২টা ৩০ মিনিটে মিরপুর সেকশন-১১ এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে সাগর শেখ বাবু হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
ভিওডি বাংলা/এমআই/এমএস







