সাঘাটায় ছুরিকাঘাতে শিবির সভাপতিকে হত্যা

গাইবান্ধার সাঘাটায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রশিবিরের এক সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। আহত সালাউদ্দিন একই সংগঠনের কর্মী বলে জানা গেছে।
রোববার (২১ জুন) দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে প্রাথমিকভাবে কথাকাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে সমঝোতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে কিছুক্ষণ পর উপজেলা সংলগ্ন চৌমাথায় সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১০–১২ জনের একটি দল তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। সালাউদ্দিনের গলায় আঘাত করা হয় এবং সাইফুল ইসলামকে ধাওয়া করে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত চলছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/আ







