৯২ বছরের অপেক্ষা শেষে মিসরের ঐতিহাসিক জয়

বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিসর। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় মিসর। এরপর ১৯৯০ ও ২০১৮ আসরসহ মোট চারটি বিশ্বকাপে খেললেও কখনো জয়ের মুখ দেখেনি দলটি। আজকের ম্যাচের আগে বিশ্বকাপে খেলা তাদের আট ম্যাচের কোনোটিতেই জয় ছিল না।
তবে অবশেষে মোহাম্মদ সালাহ, ওমর মারমুশদের নেতৃত্বে ইতিহাস গড়ল মিসর। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম বিজয় উদযাপন করল লাল জার্সিধারীরা।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মিসরের। ১৫ মিনিটে ফিন সারম্যানের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আফ্রিকান দলটি।
৫৮ মিনিটে মোস্তফা জিকো সমতায় ফেরান মিসরকে। এরপর ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহ দলকে এগিয়ে দেন। ম্যাচের ৮২ মিনিটে ত্রেজেগের তৃতীয় গোল নিশ্চিত করে মিসরের ঐতিহাসিক জয়।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মঞ্চে দীর্ঘ ৯২ বছরের অপেক্ষার অবসান ঘটাল মিসর।
ভিওডি বাংলা/আ







