মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে অগ্রগতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ ও মালয়েশিয়া সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে দুই দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ লক্ষ্যে যৌথ কমিশন বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যকার নিয়মিত পরামর্শ কাঠামোর মাধ্যমে যোগাযোগ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বাণিজ্য প্রবৃদ্ধিকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।
তিনি বলেন, এসব উদ্যোগ দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন নির্বাচনে জনগণের শক্তিশালী সমর্থন পেয়েছে, যার মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে।
তিনি জানান, সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা। এ লক্ষ্যে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থনের জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।
তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চায় এবং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ যোগদানের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।
বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/আ







