• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বজ্রপাতে তিন জেলায় ৮ জনের মৃত্যু

ভিওডি বাংলা ডেস্ক    ২১ জুন ২০২৬, ১০:৩৬ পি.এম.
ফাইল ছবি

দেশের তিন জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নরসিংদীর মনোহরদীতে তিন মাদ্রাসাছাত্র, সাভারের কুন্ডা এলাকায় তিন কৃষক ও মানিকগঞ্জের সিংগাইরে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে।

নরসিংদী
নরসিংদীর মনোহরদী উপজেলায় বজ্রপাতে তিন মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম, আবু রায়হান ও আবু জাফর।

স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের আগে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী অজু করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবির জানান, বজ্রপাতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছে। আহত শিক্ষার্থীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

সাভার
ঢাকার সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কুন্ডা এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন বনগাঁ ইউনিয়নের দ্বীন ইসলাম ও দুলাল। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বিকালে কয়েকজন শ্রমিক মাঠে কাজ করছিলেন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ক্ষেতের মালিক দ্বীন ইসলাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাভার থানার ওসি নুর মোহাম্মদ বলেন, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিধি অনুযায়ী নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার জামির্তা ইউনিয়নের কাঞ্চননগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাঞ্চননগর গ্রামের নেওয়াজের ছেলে কবির হোসেন এবং রফি মিস্ত্রির ছেলে শহিদুল ইসলাম। তারা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির মধ্যে কবির ও শহিদুল ইসলাম লাঙ্গল দিয়ে হাল চাষ করতে যান। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তারা মারাত্মকভাবে আহত হন। তাদের একজনের বা পাশ অপরজনের ডান পাশে মারাত্মকভাবে পুড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের সাভার উপজেলার হেমায়েতপুরে অবস্থিত জামাল ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি থাকে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
নিষিদ্ধ ঘোষিত আ’লীগের সভাপতিসহ আটক ৮
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার