আনোয়ারায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

আনোয়ারায় কোচিং সেন্টারে যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ইয়াছিন আরাফাত নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ জুন উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি মুরগির খামারে (ফার্ম) এই ঘটনা ঘটে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় অভিযুক্ত ইয়াছিন আরাফাত তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে উত্ত্যক্ত করাসহ অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী তার এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তার ওপর ক্ষিপ্ত ছিল ইয়াছিন।
ঘটনার দিন সকাল আনুমানিক ৮টার দিকে ওই কিশোরী যখন বাড়ি থেকে কোচিং সেন্টারে যাচ্ছিল, তখন ওৎপেঁতে থাকা ইয়াছিন তাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি নির্জন মুরগির ফার্মে নিয়ে যায়। সেখানে ইয়াছিন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে আশেপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
গ্রামবাসীর তৎপরতায় কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্ত ইয়াছিন কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনা জানালে তিনি গ্রাম্য সালিশের মাধ্যমে তিনশ টাকার স্ট্যাম্পে ইয়াছিনের স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেন। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে অভিযানে নামে পুলিশ।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বারশত ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আনোয়ারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত ইয়াছিন আরাফাতকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া ও অধিকতর তদন্ত চলমান রয়েছে।
ভিওডি বাংলা/এফএ







