আ. লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি নিলামে বিক্রির অভিযোগ

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা নিয়মবহির্ভূতভাবে বাজারের সরকারি জমি ৩৯ লাখ টাকায় নিলামে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি এ ভূমি নিলামের ঘটনাটি ঘটেছে রামপাশার আমতৈল বাজারে।
এ ঘটনায় ১৬ জুন রামপাশার আমতৈলে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এ নিয়ে প্রায় ৫-৬ দিন ধরে আমতৈল বাজার ও এলাকার জনসাধারণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে নিলামের প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী। কিন্তু দুপুরে ভিটা নিলামকারী পক্ষের লোক তুফায়েল আহমদের হামলায় নিলামের প্রতিবাদকারী সায়েক মিয়া আহত হয়েছে। আহত সায়েক আমতৈলের মৃত জিয়া উদ্দিনের ছেলে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, আমতৈলের (জমসেরপুর) বাসিন্দা আ.লীগ নেতা আবুল বশরসহ কতিপয় ব্যক্তি বাজারের সরকারি খতিয়ানভুক্ত ভূমির ওপর টিনশেডের তিনটি খোলা দোকান উচ্ছেদ করে ওই দোকানগুলোর ভিটা নিলাম করে প্রায় ৩৯ লাখ টাকায় বিক্রি করেন। ভিটাগুলো নিলামে কেনেন আমতৈলের মৃত রাকিব আলীর ছেলে আল আমিন ও মৃত আব্দুল হাদির ছেলে হাজী হারুনুর রশিদ।
জানতে চাইলে নিলামে সরকারি ভূমি ক্রয়ের বিষয় স্বীকার করে হাজী হারুনুর রশিদ বলেন, এলাকার মুরব্বি আবুল বশরের সভাপতিত্বে নিলাম বৈঠক হয়। নিলাম বৈঠকে অনেক লোকজন ছিলো। আমি নিলামে অংশ নিয়ে ৯ লাখ টাকায় একটি দোকানের ভিটা ক্রয় করেছি। নিলামের এই টাকা বাজার উন্নয়ন ও মাদ্রাসায় দান করা হবে বলে তিনি জানান।
নিলাম সভায় সভাপতিত্বকারী আ.লীগ নেতা আবুল বশরের সঙ্গে দুদিন ধরে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমান বলেন, সরকারি ভূমি এভাবে কোনো লোক নিলামে বিক্রি করতে পারে না। যদি কেউ করেন, তাহলে সেটা নিয়মবহির্ভূত। এলাকাবাসীর পক্ষ থেকে আমি একটি লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার স্থানীয় তহসিলদারকে সেখানে পাঠিয়েছিলাম। কিন্তু তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, আমতৈল বাজারের ভূমি নিয়ে একটু ঝামেলা হয়েছে এটা সঠিক। খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
ভিওডি বাংলা/এফএ







