তৃতীয় সন্তানের বাবা হলেন আশরাফুল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আবারও বাবা হয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে আশরাফুলের পরিবার ও তার ভক্ত-সমর্থকরা।
শুক্রবার (২২ মে) রাতে তার পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন দেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই ব্যাটসম্যান। তিনি জানান, শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে তাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটে। নবজাতক সন্তান ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সাবেক এই অধিনায়ক।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে আশরাফুল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সন্তান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত। তিনি জানান, এর আগে তিনি এক কন্যাসন্তান ও এক পুত্রসন্তানের বাবা হয়েছেন। এবার তৃতীয় সন্তানের বাবা হওয়ার অনুভূতিকে জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
পোস্টে আশরাফুল আরও বলেন, তিনি চান তার সন্তানরা সুস্থ, মানবিক ও দ্বীনদার মানুষ হিসেবে বড় হয়ে উঠুক। একই সঙ্গে তিনি দেশবাসী ও ভক্তদের কাছে সন্তানদের জন্য দোয়া কামনা করেন। তার এই পোস্টের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে যায়। ক্রিকেটাঙ্গনের সতীর্থ, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা নবজাতকের সুস্থতা কামনা করে মন্তব্য করেন।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত আশরাফুল ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। অল্প বয়সেই অসাধারণ ব্যাটিং নৈপুণ্য দিয়ে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়েন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৬ হাজার ৬৫৫ আন্তর্জাতিক রান।
একসময় জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন আশরাফুল। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। তরুণ ক্রিকেটারদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত কাজ করে যাচ্ছেন এই সাবেক তারকা ক্রিকেটার।
ভিওডি বাংলা/জা







