নিলামে হত্যা মামলার আসামির গরু বিক্রি করলেন বিএনপি নেতা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি বিধান চন্দ্রের দুটি গরু নিলামে বিক্রি করেছেন স্থানীয় বিএনপি নেতা গোলাম কিবরিয়ার রিপন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতা রিপন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি। গরু নিলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে নিলাম ডাকতে এবং পরে ১ লাখ ৭৭ হাজার টাকায় দুটি গরু বিক্রি করতে দেখা যায়।
স্থানীয় একাধিক সূত্র ও বিএনপি-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জানার পর তিনি স্থানীয়দের সঙ্গে আলোচনা করেছেন এবং গরু বিক্রির অর্থ কোথায় আছে ও কেন বিক্রি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্ত বিএনপি নেতা গোলাম কিবরিয়া রিপন বলেন, গরু বিক্রি করা হয়েছে এবং এ বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তার দাবি, আসামির জামিনের পর টাকা ফেরত দেওয়া হবে।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে বিস্তারিত জানা নেই। তিনি বলেন, মামলা আসামির বিরুদ্ধে হয়েছে, সম্পত্তির বিরুদ্ধে নয়—তাই নিলামে গরু বিক্রি নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে।
উল্লেখ্য, গত ১৬ জুন ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী রানীর মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত বিধান বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিওডি বাংলা/আ







