• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে নদীভাঙনের সঙ্গে বাড়ছে বন্যা আতঙ্ক

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৪ জুন ২০২৬, ১১:৪৭ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

উজানের ভারী বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে। এখনও সব নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সরেজমিনে দেখা গেছে, গত তিন দিন ধরে পাহাড়ি ঢলের পানিতে জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সময়ে দুধকুমার নদের পানি ৪ সেন্টিমিটার কমলেও একই সময়ে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তার পানি ২ থেকে ১৩ সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে।

পানি বাড়তে থাকায় জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের হাজারো মানুষ জলাবদ্ধতা ও বন্যা ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে নদীভাঙনও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। জেলার বিভিন্ন নদীপাড়ে অন্তত ৩৫টি স্থানে ভাঙনের খবর পাওয়া গেছে। এতে বসতভিটা ও আবাদি জমি হারানোর শঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে নদীর পানি প্রবেশ করেছে কিছু পাটক্ষেতেও। দীর্ঘ সময় পানি স্থায়ী হলে পাটের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের রসুলপুর এলাকার বাসিন্দা মাওলানা মাহাবুবার রহমান বলেন, “কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র ও ধরলা নদের পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বাড়ার কারণে ভাঙন শুরু হয়েছে। হুমকিতে থাকা পরিবারগুলো ভিটেবাড়ি সরিয়ে নিচ্ছেন, আমরাও চিন্তিত কখন যে আমাদেরও ভিটেবাড়ি সরাতে হয়। এলাকাটি কয়েক বছর ধরে অব্যাহতভাবে ভাঙছে, কারও নজর নাই।”

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার আমিনা বেগম বলেন, “নদী বাড়ির কাছে আসছে, তাই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছি। কোথায় যাবো জানি না, জায়গা জমি বলতে নাই।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী তিন দিন নদ-নদীর পানি আরও বাড়তে পারে। বিশেষ করে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, “ভাঙন ঠেকাতে প্রায় ২৫টি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ পেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। অনুমতি না থাকবার কারণে অন্যান্য এলাকাগুলোতে কাজ করা যাচ্ছে না।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই
কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন আর নেই