আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল

নিউইয়র্ক থেকে মায়ামি রুটে খারাপ আবহাওয়ার প্রভাবে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ঝড়ো আবহাওয়া ও ভারী বৃষ্টির কারণে তাদের নির্ধারিত ফ্লাইট ছাড়তে প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও তা আকাশে উড়াল দেয় বিকাল ৫টায়। আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনের বরাতে এ তথ্য জানা গেছে।
ফ্লাইট বিলম্বের কারণে দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নির্ধারিত প্রেস কনফারেন্স স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা। এমনকি তা পুরোপুরি বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে জানা গেছে।
এ অবস্থায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন ফিফার কাছে অনুরোধ জানিয়েছে, যাতে আনচেলত্তি ও স্ট্রাইকার ম্যাথিউস কুনহার নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন না করা হয়। বিষয়টি নিয়ে এখনো ফিফা ও সংশ্লিষ্ট কনফেডারেশন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
নতুন সময়সূচি অনুযায়ী, ব্রাজিল দলের মায়ামিতে পৌঁছানোর কথা রাত ৯টায়। তিন ঘণ্টার এই যাত্রায় দেরি যুক্ত হওয়ায় পুরো স্কোয়াডকে অন্তত ছয় ঘণ্টার বেশি সময় বিমানেই থাকতে হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







