নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (২৪ জুন) ভোর সোয়া ৪টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২৪৪/এমপি এলাকায় ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে পুশইনের শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনে অবস্থান নেয়।
নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনাটি জানার পরপরই বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/আ







