সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

রাঙামাটিতে সদ্য সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। একই সঙ্গে সমতলের প্রতিনিধি মীর হেলাল উদ্দিনকে প্রত্যাহার করে পার্বত্য অঞ্চলের একজন প্রতিনিধিকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার দাবি জানানো হয়েছে।
রোববার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙমাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ শিশির চাকমা, সাবেক মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা, বিভিন্ন মৌজার হেডম্যান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শিক্ষাবিদ শিশির চাকমা বলেন, অ্যাডভোকেট দীপেন দেওয়ান পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের আস্থাভাজন ও পার্বত্য অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। কিন্তু দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে নয় বরং চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। মাত্র তিন মাসের মধ্যে তাকে সরিয়ে দেয়ায় পাহাড়ের মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত মনে করছে।
সাবেক মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্ছিতা চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে তাকে দ্রুত মন্ত্রীর দায়িত্বে পুনর্বহাল করা প্রয়োজন। এ ঘটনায় পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার প্রতি সহানুভূতি দেখিয়ে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হোক। পাশাপাশি সমতলের কোনো প্রতিনিধিকে নয় বরং পাহাড়ের একজন যোগ্য ও জনপ্রিয় প্রতিনিধিকেই এ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রাখার দাবি জানান তারা।
কর্মসূচি শেষে রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ-এর একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
ভিওডি বাংলা/এফএ







