ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ

চলমান সংকটের মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব পরিচালককে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানায়।
বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ব্যাংক, আমানতকারী ও জনস্বার্থ রক্ষার লক্ষ্যে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে।
একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পাঁচ পরিচালকই ছিলেন বাংলাদেশ ব্যাংক নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালক। ঈদুল আজহার আগে ২৪ মে ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে স্বতন্ত্র পরিচালক ও নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানও পদত্যাগ করেন। এসব ঘটনার পর ইসলামী ব্যাংককে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়। নতুন চেয়ারম্যানের অপসারণসহ সাত দফা দাবিতে আন্দোলন করে ‘সচেতন গ্রাহক ফোরাম’।
গত ১ জুন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। বিষয়টি জাতীয় সংসদেও আলোচনার জন্ম দেয়।
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক আরও ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি বড় ঝুঁকির মুখে পড়তে পারে। ব্যাংকিং খাতে আস্থার সংকট তৈরি হলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এমন পরিস্থিতির মধ্যেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদকে অপসারণের সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক।
ভিওডি বাংলা/আ







