দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
এর আগে পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল)-এর সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ জুন এ বিষয়ে একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।
মামলাগুলোতে বেনজীর আহমেদের পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং র্যাবের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন।
ভিওডি বাংলা/আ







