ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা

ঢাকাজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে একদিনে ১ হাজার ৮৩১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে বিভিন্ন অনিয়মে জড়িত শতাধিক যানবাহনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) মহানগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক আইন বাস্তবায়নে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয় বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
অভিযানের মূল লক্ষ্য ছিল সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং চালকদের আইন মেনে চলতে উৎসাহিত করা।বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে মতিঝিল ট্রাফিক বিভাগে। সেখানে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ৩৭৫টি মামলা দায়ের করা হয়। এর পরেই রয়েছে উত্তরা বিভাগ, যেখানে ৩৪৬টি মামলা করা হয়েছে।
এ ছাড়া মিরপুর বিভাগে ৩০৫টি, ওয়ারী বিভাগে ২৫৬টি এবং গুলশান বিভাগে ১৯৭টি মামলা নথিভুক্ত হয়েছে। লালবাগ বিভাগে ১৫৫টি, তেজগাঁও বিভাগে ১৩২টি এবং রমনা বিভাগে ৬৫টি মামলা করা হয়েছে। অভিযানে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার বিরুদ্ধে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। শুধু মামলা দায়েরেই সীমাবদ্ধ থাকেনি অভিযান।
ট্রাফিক আইন লঙ্ঘন এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৩০১টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ২১৫টি গাড়ি রেকার করা হয়, যা ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে সরিয়ে নেওয়া হয়েছে।ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, রাজধানীতে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
ট্রাফিক আইন অমান্য, অবৈধ পার্কিং, ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/জা







