সম্মিলিত পাঁচ ব্যাংক
শিগগিরই আমানত ফেরত পাবেন গ্রাহকরা: গভর্নর

সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার বিষয়ে আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তবে এ তথ্য সঠিক নয়। ব্যাংকগুলোকে ঘিরে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, তিনি ২৪ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। এর কিছুদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। পরে একজনকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। এরপর বাংলাদেশ ব্যাংক দ্রুত নতুন এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে, যার আবেদনের শেষ তারিখ ছিল ২৫ মার্চ।
মোস্তাকুর রহমান বলেন, আবেদন যাচাই-বাছাই করতে কিছুটা সময় লেগেছে। পরে একজন এমডি নিয়োগ দেওয়া হয় এবং পুরো প্রক্রিয়া শেষ হতে মে মাস পর্যন্ত সময় লাগে। এরই ধারাবাহিকতায় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সর্বশেষ সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সম্মিলিত পাঁচ ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই আমানতকারীদের আমানত ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।







