• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্যান প্যাসিফিকে যুব উদ্যোক্তা নীতিমালা কর্মশালা অনুষ্ঠিত

প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান

ক্যাম্পাস প্রতিনিধি    ১৪ জুন ২০২৬, ০৬:৫০ পি.এম.
এমআইএসটি-তে নতুন শিক্ষাবর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, প্রকৌশল শিক্ষার্থীদের লক্ষ্য শুধু একাডেমিক ফলাফল অর্জন বা কারিগরি দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। বরং তাদের দায়িত্বশীল, নৈতিক ও মানবিক গুণসম্পন্ন পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি মনে করেন, মেধা ও দক্ষতার সঙ্গে যদি সততা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয় ঘটে, তাহলে তা ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র-সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং শিক্ষাজীবনের লক্ষ্য ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের শীর্ষ সামরিক ও একাডেমিক কর্মকর্তারা, শিক্ষক, নবীন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষা শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় নয়; এটি একজন মানুষকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। দেশের উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীরও প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং উদ্ভাবনমুখী সমাজ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পালন করবে। তাই তাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং নেতৃত্বগুণ, সামাজিক দক্ষতা এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, প্রকৌশল শিক্ষা যেন কেবল প্রযুক্তিগত দক্ষতা উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন মানবিক সমাজ গঠনের হাতিয়ার হয়ে ওঠে।

তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন, যা সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং পেশাগত উৎকর্ষের চর্চা অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হয় বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক অংশগ্রহণ এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, একটি উন্নত শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী ক্ষমতার বিকাশও অপরিহার্য। এমআইএসটি কর্তৃপক্ষকে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান, যেখানে শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে থেকেও নিজেদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে পারবে। এই ভারসাম্যই একজন শিক্ষার্থীকে দক্ষ, দায়িত্বশীল এবং সমাজমুখী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে বক্তব্যের আরেক পর্যায়ে ইউজিসি চেয়ারম্যান দেশের উচ্চশিক্ষা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশে বর্তমানে উচ্চশিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে। প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে। তবে এই বিস্তারের তুলনায় শিক্ষার মান প্রত্যাশিত হারে বৃদ্ধি পায়নি। এই বাস্তবতা থেকে উত্তরণের জন্য ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানান।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী দক্ষতাভিত্তিক (স্কিলভিত্তিক) শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। গবেষণার সুযোগ সম্প্রসারণ, আধুনিক কারিকুলাম প্রণয়ন এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। এছাড়া আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং নীতিনির্ধারকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি দক্ষ মানবসম্পদ তৈরি করতে না পারলে বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি সতর্ক করেন।  নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা দেশের উন্নয়নেও অবদান রাখতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের অবস্থান তৈরি করতে পারে।

অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন বলেন, প্রতিষ্ঠানটিতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম অনুসরণ করা হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসনসহ বিভিন্ন সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের
প্রাথমিকে বাধ্যতামূলক নাচ-গান শেখানোর সিদ্ধান্তের প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের