• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৮:২১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, হকারি, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা অন্য যেকোনো ক্ষেত্রে জোরজবরদস্তি, চাঁদাবাজি ও অবৈধ দখলদারিত্ব চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, নগরবাসীর জন্য স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানসম্মত সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের লক্ষ্য।

বুধবার (১০ জুন) রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন মার্কেটের বিদ্যুৎ সাশ্রয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও ট্রেড লাইসেন্স বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান ব্যবস্থায় কোথাও অনিয়ম, জোরজবরদস্তি বা চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে পুরো ব্যবস্থাপনাই পরিবর্তন করা হবে। কোনো অবস্থাতেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে নগর ব্যবস্থাপনার অনেক সমস্যার সমাধান সম্ভব। বিশেষ করে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখনো বিপুল পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। এসব প্লাস্টিক যথাযথভাবে পুনর্ব্যবহার বা রিসাইক্লিং না হওয়ায় ড্রেনেজ ব্যবস্থায় জমে জলাবদ্ধতার সৃষ্টি করছে।

আবদুস সালাম বলেন, দীর্ঘদিন পরিবেশে পড়ে থাকা প্লাস্টিক একসময় মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা জলজ প্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মাছের মাধ্যমে এসব মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরেও প্রবেশ করছে। গবেষণায় দেখা গেছে, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সভায় তিনি নাগরিকদের নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানিয়ে বলেন, রাজস্ব আদায় না হলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই উন্নত ও টেকসই সেবা নিশ্চিত করতে সবাইকে কর পরিশোধে সচেতন হতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের শনিবার ‘ক্লিনিং ডে’ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়ির আঙিনা, ফুলের টব, বালতি কিংবা যেকোনো পাত্রে দুই দিনের বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। সিটি করপোরেশনের জরিপে প্রায় ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি বলেন, সিটি করপোরেশন বিভিন্ন স্থানে লার্ভা ধ্বংস করলেও অনেক স্থান এখনো নজরদারির বাইরে রয়েছে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের সচেতন অংশগ্রহণ ও নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখা জরুরি।

নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের সম্পৃক্ত করার উদ্যোগের কথাও জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, বিভিন্ন সড়কের ডিভাইডার, আইল্যান্ড এবং ফ্লাইওভারের নিচের খালি জায়গাগুলো ব্যবসায়ী ও সামাজিক সংগঠনগুলোর তত্ত্বাবধানে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগ্রহীরা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ট্রেড লাইসেন্স নবায়ন নিয়ে দীর্ঘদিনের জটিলতার বিষয়েও কথা বলেন তিনি। কোথাও দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না হওয়ার কারণে অতিরিক্ত জরিমানার মুখে পড়লে আগামী এক সপ্তাহের মধ্যে রাজস্ব বিভাগে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে বিশেষ বিবেচনায় কিছু ছাড় দেওয়া হবে এবং সমস্যা সমাধানে কর্মকর্তাদের মাঠে পাঠানো হবে।

স্ট্রিট লাইট ও বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, কোনো এলাকায় কয়েক দিন ধরে স্ট্রিট লাইট বন্ধ থাকলে তা দ্রুত সিটি করপোরেশনকে জানাতে হবে। একইভাবে বর্জ্য অপসারণে অবহেলা, অতিরিক্ত অর্থ আদায় কিংবা সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জন্মসনদ, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হলে সরাসরি অভিযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সেবার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা হয়রানি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, অর্থসংকটের কারণে কিছু উন্নয়নকাজ বাস্তবায়নে সময় লাগতে পারে। তবে স্ট্রিট লাইট, বর্জ্য ব্যবস্থাপনা, জন্মসনদ ও নাগরিকত্ব সনদের মতো মৌলিক সেবার ক্ষেত্রে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়।

সভা শেষে আবদুস সালাম বলেন, নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের গণশুনানি ও মতবিনিময় সভা অব্যাহত থাকবে। জবাবদিহিতা নিশ্চিত করা গেলে নগর ব্যবস্থাপনার অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইপিআইর টিকা কিনতে ৪১২ কোটি টাকার অনুমোদন
ইপিআইর টিকা কিনতে ৪১২ কোটি টাকার অনুমোদন
জেলা পরিষদে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ
জেলা পরিষদে ১৭৭ কোটি টাকার বিশেষ বরাদ্দ
১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার
১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার