আসছে ইতিহাসের বড় বাজেট

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি ও আগামী অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রণয়নের প্রস্তুতি নিয়েছে সরকার। প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়িত হলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে নির্বাচিত নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হিসেবেও এটি বিশেষ গুরুত্ব বহন করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি ও খাদ্যবাজারের ঝুঁকি এবং আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ফলে আগামী অর্থবছরের বাজেটের আকারও বড় করা হচ্ছে।
এর আগে অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল। নতুন প্রস্তাবিত বাজেট সেই তুলনায় প্রায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ, বিভিন্ন খাতে ভর্তুকি বৃদ্ধি এবং ঋণের সুদ পরিশোধে বাড়তি ব্যয় বাজেটের আকার বৃদ্ধির অন্যতম কারণ। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর কিছু সুপারিশ বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে সরকারের। এতে রাজস্ব ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এটি বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন।
ভিওডি বাংলা/জা







