‘মব কালচার’ কমেছে: টিআইবি

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে এবং ‘মব কালচার’ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রোববার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের বিষয় ছিল “১৩তম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ”।
ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন ব্যাংকিং খাত, সামগ্রিক অর্থনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় ছিল। সেখান থেকে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে মব-সংক্রান্ত সহিংসতা আগের তুলনায় অনেক কমেছে।
নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি হলেও দলীয় প্রভাবমুক্ত নিয়োগ এখনো নিশ্চিত করা যায়নি। তার ভাষায়, গত ৫৬ বছরেও রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ ব্যবস্থা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
বর্তমান সময়ে প্রণীত সাইবার সুরক্ষা ও টেলিযোগাযোগ আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, এসব আইন গণমাধ্যম এবং নাগরিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকার চাইলে এখনো এসব আইন পুনর্বিবেচনা করে বাতিলের উদ্যোগ নিতে পারে বলেও তিনি মত দেন।
ভিওডি বাংলা/আল-আমিন এম তাওহীদ/এমএস







