পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্প, জনমনে আতঙ্ক

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় ৪ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে দেশটির একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়, এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।
সামা টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সারাই আলমগীর ও এর আশপাশের এলাকায় প্রথম কম্পন অনুভূত হয়। পাশাপাশি ভেরা ও সংলগ্ন এলাকাতেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পান বাসিন্দারা। মালকওয়াল, ফালিয়া এবং মান্দি বাহাউদ্দিন এলাকায়ও তীব্র কম্পনে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় জালালপুর শরীফ এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ার ঘটনাও ঘটে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝেলাম জেলার পিন্ড দাদান খান তহসিলের জালালপুর শরীফ এলাকায় কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।
ঝেলামের ডেপুটি কমিশনার মির রেজা ওজগেন জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ১০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ, উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮ এবং এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার নিচে। এর কেন্দ্রস্থল ছিল ঝেলাম শহর থেকে ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সেবাদানকারী দল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণে কাজ চলছে।
ভিওডি বাংলা/এমএস







