• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৬ লাখ কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ মে ২০২৬, ১২:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

আজ পবিত্র হজ। সৌদি আরবের স্থানীয় সময় আজ ৯ জিলহজ মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৬ লাখেরও বেশি হজযাত্রী। ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে উঠেছে আরাফাতের ময়দান। 

পবিত্র এ প্রান্তরে ভোর থেকেই ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন রয়েছেন লাখো মুসল্লি।

মঙ্গলবার (২৬ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ইসলামী বিধান অনুযায়ী, আরাফাতে অবস্থান হজের অন্যতম প্রধান ফরজ। সোমবার মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। মঙ্গলবার ফজরের নামাজের পর হাজিরা মিনার তাঁবু শহর থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন।

মঙ্গলবার মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদে নববির প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন।

সূর্যাস্তের পর তারা মুজদালিফায় গিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। এরপর মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও তাওয়াফসহ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি হজ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি নিবন্ধিত হজযাত্রী হজ পালন করতে গিয়েছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন প্রায় ৭৮ হাজার ৫০০ জন। আরাফাতে উপস্থিত ১৬ লাখের বেশি মুসল্লির মধ্যে অভ্যন্তরীণ হজযাত্রীও রয়েছেন। 

মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দান জাবালে রহমত বা ‘রহমতের পাহাড়’কে কেন্দ্র করে বিস্তৃত। ৬৩২ খ্রিস্টাব্দে বিদায় হজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই তার ঐতিহাসিক ভাষণ দেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরবানি আল্লাহ প্রেমের নিদর্শন
কোরবানি আল্লাহ প্রেমের নিদর্শন
সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
সৌদিতে পৌঁছেছেন ৬৫ হাজারের বেশি হজযাত্রী, মৃত্যু ১৮
সৌদিতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী
সৌদিতে পৌঁছেছেন ৫৯ হাজার হজযাত্রী