ঈদ জামায়াত
প্রস্তুত শোলাকিয়া, নিরাপত্তায় ৬শ’ পুলিশ ৯ ম্যাজিস্ট্রেট ও বিজিবি

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদ জামাত। ঈদুল আজহাকে সামনে রেখে জামায়াতের জন্য ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে এই ঐতিহাসিক ঈদগাহকে।
ঈদের দিন বৃহস্পতিবার সকাল ৯টায় ঐতিহ্য অনুযায়ী পরপর তিনবার ফাঁকা গুলি ছোড়ার পর এখানে অনুষ্ঠিত হবে বৃহত্তম ঈদ-জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।
ইতোমধ্যেই সংস্কার করা হয়েছে অজুখানা ও শৌচাগার। তবে গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে শহরে। এ কারণে মাঠের বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বৃষ্টির পানি যেন না জমে, সেজন্য মাঠে বালু ফেলা হচ্ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থাও ঠিকঠাক করা হচ্ছে।
ঈদগাহ পরিচালনা কমিটি জানিয়েছে, দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক ও মেডিক্যাল টিম।
জেলা পুলিশ জানিয়েছে, ২০১৬ সলের ঈদুল ফিতরে রক্তাক্ত জঙ্গি হামলার পর থেকে শোলাকিয়া ঈদের জামাতে নিরাপত্তার দিকটি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিরাপত্তা নিয়ে মুসল্লিদের মধ্যে যেন কোনো অস্বস্তি না থাকে, সেজন্য এই ব্যবস্থা।
ঈদের দিন ঈদগাহে মোতায়েন থাকবে দুই প্লাটুন বিজিবি, ছয় শতাধিক পুলিশ, র্যাব, সিআইডি, পিবিআই ও আনসার সদস্য। পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন ঈদগাহ মাঠে।
নিরাপত্তা জোরদারে ঈদগাহ মাঠে বসানো হয়েছে চারটি ওয়াচ টাওয়ার ও ৬৪টি সিসি ক্যামেরা। চারটি ড্রোন সার্বক্ষণিক নজরদারি করবে। তিনটি আর্চওয়ের মাধ্যমে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করানো হবে। ফায়ার সার্ভিস ও একাধিক মেডিক্যাল টিমও প্রস্তুত থাকবে মাঠে।
ঈদগাহে মুসল্লিরা শুধু জায়নামাজ ও জরুরি প্রয়োজনে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। ছাতা, ব্যাগ ও অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থায়ী অজুখানার পাশাপাশি নির্মাণ করা হয়েছে অতিরিক্ত অজুখানা। সুপেয় পানির জন্য মাঠের বিভিন্ন স্থানে টিউবওয়েল ও পানির ট্যাংক বসানো হয়েছে। এছাড়া নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগারও। জেলা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন উপস্থিত সাংবাদিকদের বলেন, ঈদ জামাত শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে নিরাপত্তা ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো আয়োজনটি সাজানো হয়েছে। তাছাড়া নারীদের জন্য আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে। সেই জামাতটি হবে সরযুবলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে।
জেলা প্রশাসক বলেন, ‘নারীদের জামাতে ইমামতি করবেন মাওলানা সানাউল্লাহ। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ জামাত হবে। আর বৃষ্টিবাদল হলে মুসল্লিদের যেন দুর্ভোগ কম হয়, সে ব্যবস্থাও করে রাখা হয়েছে।’
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিরাপত্তার দিক থেকে কোনো ঝুঁকি না থাকলেও নিরাপত্তা ব্যবস্থাকেই শোলাকিয়ায় প্রাধান্য দেওয়া হচ্ছে। মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হবে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ ঈদ জামাত। তা নিশ্চিতে সব কিছুই করা হচ্ছে। ’
মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন:
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঈদের দিন শোলাকিয়ায় ঈদ জামাতে আসা মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। সকাল ৬টায় ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। পরে এ ট্রেনটিই দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে যাবে। এ ছাড়া আরেকটি বিশেষ ট্রেন ময়মনসিংহ থেকে সকাল পৌঁনে ৬টায় ছেড়ে এসে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। পরে এটি আবার ময়মনসিংহের উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবে দুপুর ১২টায়।
শহরের পূর্ব-দক্ষিণে নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া মাঠের আয়তন ৭ একর। ২০০ বছর ধরে এই মাঠে ঈদের জামাত হচ্ছে।
২০০ বছর আগে যেভাবে শুরু:
স্থানীয়রা জানায়, শোলাকিয়ার সাহেববাড়ির সুফি সৈয়দ আহম্মদ ১৮২৮ সালে তার নিজের জমিতে ঈদ জামাতের আয়োজন করেন। বাংলাদেশ সরকারের জাতীয় তথ্য বাতায়নের তথ্য বলছে, ঈদের প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লি অংশ নেন। পরে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া এবং সেখান থেকে শোলাকিয়া শব্দটি প্রচলিত হয়েছে।
রেওয়াজ অনুযায়ী শোলাকিয়ায় ঈদ জামাত শুরুর পাঁচ মিনিট আগে তিনটি, তিন মিনিট আগে দুটি ও এক মিনিট আগে একটি ফাঁকা গুলি ছোড়া হয়। এটি নামাজ শুরু করার সংকেত বলে সংশ্লিষ্টরা জানান।
ভিওডি বাংলা/আরআর/এসআর







