বিসিবি নির্বাচন
তিনজনের প্রার্থিতা প্রত্যাহার, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আগামী ৭ জুন। ভোটের আগেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন তিনজন। একই সঙ্গে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক।
সোমবার (২৫ মে) দুপুরে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ক্যাটাগরি-১ থেকে ভোট হবে মাত্র দুটি বিভাগে। আর মূল প্রতিদ্বন্দ্বিতা জমবে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে, যেখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ১৬ জন প্রার্থী। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও এই ক্যাটাগরি থেকে নির্বাচন করবেন।
প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম (অপু)। ফলে এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, সাবেক জাতীয় অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মঈন উদ্দিন চৌধুরী।
এছাড়া ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন- ঢাকা বিভাগ থেকে ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাইদ বিন জামান ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন।
ক্যাটাগরি-৩ থেকে একমাত্র প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর। চট্টগ্রামের এই সংগঠক প্রথমবার বিসিবির পরিচালক হয়েছিলেন ২০০৫ সালে। নাজমুল হাসান পাপন প্রথম মেয়াদে সভাপতি থাকাকালেও পরিচালক ছিলেন তিনি।
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে পরিচালক পদ ১০টি, ক্যাটাগরি-২ থেকে ১২টি এবং ক্যাটাগরি-৩ থেকে একটি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হবেন আরও দুজন। ক্যাটাগরি-১-এ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে দুটি করে এবং চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একটি করে পরিচালক পদ রয়েছে। এর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে শুধু দুটি বিভাগে।
খুলনা বিভাগে দুটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন- খুলনা জেলা ক্রীড়া সংস্থার মো. শফিকুল আলম, যশোর জেলা ক্রীড়া সংস্থার শান্তনু ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার মো. আব্দুছ সালাম। অন্যদিকে বরিশাল বিভাগে একটি পদের জন্য লড়বেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার মো. মিজানুর রহমান এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার মো. মুনতাসির আলম চৌধুরী।
ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নিচ্ছেন—ফাহিম সিনহা (আবাহনী লিমিটেড), মাসুদুজ্জামান (মোহামেডান স্পোর্টিং ক্লাব), আসিফ রব্বানী (শাইনপুকুর ক্রিকেট ক্লাব), ফৈয়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (বসুন্ধরা রাইডার্স), তামিম ইকবাল খান (ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব), মোহাম্মদ আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), মির্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং ক্লাব), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), মো. রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব), সৈয়দ বোরহানুল হোসেন (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিব আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব) এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব)।
ভিওডি বাংলা/এফএ







