আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ৯ ট্রেন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে ঢাকাগামী নয়টি আন্তঃনগর ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ের বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঢাকামুখী একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনে থামবে না। মূলত ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করা এবং অতিরিক্ত চাপ সামাল দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঈদযাত্রায় টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে যাচ্ছে রেলওয়ে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এ কাজে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি জিআরপি, র্যাব, বিজিবি ও স্থানীয় পুলিশ যৌথভাবে দায়িত্ব পালন করবে।
এ ছাড়া নাশকতা ও দুর্ঘটনা প্রতিরোধে চলন্ত ট্রেন, রেললাইন ও স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
ভিওডি বাংলা/জা







