দুপুরের মধ্যে বিভিন্ন অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

দেশের বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সোমবার (২৫ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যকর থাকা সতর্কবার্তার আওতায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলেও অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভিওডি বাংলা/আ







