দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’
দেশের চলচ্চিত্রাঙ্গনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৬। অভিবাসন, দেশান্তর, পরিচয়, স্বপ্ন ও সংগ্রামের গল্পকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবের অফিসিয়াল সিলেকশনে স্থান পেয়েছে ‘বৈদেশ’ চলচ্চিত্র।
দেশ-বিদেশ থেকে জমা পড়া অসংখ্য চলচ্চিত্রের মধ্য থেকে কঠোর বাছাই শেষে মোট ২৩টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে জাতীয় বিভাগে ১৩টি এবং আন্তর্জাতিক বিভাগে ১০টি চলচ্চিত্র রয়েছে।
‘বৈদেশ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইভান মনোয়ার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ। অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়াকে পুরো টিম তাদের কাজের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে।
পরিচালক ইভান মনোয়ার বলেন, “অফিসিয়াল সিলেকশনে স্থান পাওয়া পুরো টিমের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এমন একটি আন্তর্জাতিক মানের আয়োজনে নিজেদের কাজ প্রদর্শনের সুযোগ পাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণার।”
ক্রিয়েটিভ ডিরেক্টর সাব্বির আহমেদ শ্রাবণ বলেন, “অভিবাসন শুধু ভৌগোলিক স্থান পরিবর্তনের গল্প নয়; এটি মানুষের স্বপ্ন, স্মৃতি, ভালোবাসা, ত্যাগ ও আত্মপরিচয়ের গল্প। ‘বৈদেশ’ সেই মানবিক অনুভূতিগুলোই তুলে ধরার চেষ্টা করেছে।”
আগামী ২৯ জুলাই ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এই উৎসব। এতে অফিসিয়াল সিলেকশনে থাকা দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি নির্মাতাদের সঙ্গে দর্শকদের মতবিনিময়েরও আয়োজন থাকবে।
ভিওডি বাংলা/তা









মন্তব্য