বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ঘোষণার পর রাজধানীর গুলশানে তার সম্ভাব্য নতুন বাসভবনে শুরু হয়েছে প্রস্তুতি।
তবে শুক্রবার (২৪ জুলাই) বিকেল পর্যন্ত বাসাটি ছিল অনেকটাই নির্জন।
গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে গিয়ে দেখা যায়, বাইরে তেমন কোনো তৎপরতা নেই। ভবনের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করলেও বাইরে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল।
ভবনটির নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, পদত্যাগের পর রাষ্ট্রপতির ওই ভবনের পঞ্চম তলায় ওঠার কথা রয়েছে। তিনি বলেন, কয়েক দিন আগে রাষ্ট্রপতি সেখানে এসেছিলেন। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বাসায় প্রয়োজনীয় কিছু প্রস্তুতির কাজও সম্পন্ন হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরাও রয়েছেন।
এদিকে শুক্রবার সরকারি নির্দেশে ভবনটিতে নতুন টেলিফোন সংযোগ দিতে যায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি দল।
বিটিসিএলের টেলিকমিউনিকেশন্স মেকানিক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশে নতুন টেলিফোন লাইন স্থাপন করা হচ্ছে। এর আগে থাকা সংযোগ রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার পর বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন তিনি পদত্যাগ করলে এ বাসায় উঠবেন, এমন নির্দেশনা পেয়েই নতুন সংযোগ দেওয়া হচ্ছে।
এর আগে শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের বিষয়টি নিয়ে বিডিনিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, "এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।"
পদত্যাগপত্রে স্বাক্ষর করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, "বলে দিছি, বুঝে নেন।"
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি ঘিরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করবেন বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে। স্পিকার চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফেরেন।
এর আগে রাষ্ট্রপতির দপ্তরের একাধিক কর্মকর্তা এবং তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে স্পিকার দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য