আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে রাজধানীতে পৌঁছান তিনি। দীর্ঘদিন পর বাংলাদেশে আতিফের আগমন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেলেও বিষয়টি নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা সংগীতশিল্পী মুহিন খান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে কনসার্টের আয়োজকদের কড়া সমালোচনা করেন মুহিন। তিনি দাবি করেন, দেশের শিল্পীদের যথাযথ মূল্যায়ন না করে বিদেশি শিল্পীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
স্ট্যাটাসে মুহিন লেখেন, “নাম দিয়েছে কনসার্ট সোসাইটি ফর বাংলাদেশ। এদের বাংলাদেশ নিয়ে কোনো চিন্তা নাই। বার বার ফ্যাসিবাদের সাথে চলে আর বেসুরো লোকদের নিয়া আসে। এদের বাপের ক্ষমতা থাকলে এদেরকে নিয়ে ওদের দেশে এই অনুষ্ঠান করে দেখাক।”
তিনি আরও অভিযোগ করেন, আতিফ আসলামের সঙ্গে থাকা এক ব্যক্তির সমালোচনা করে বলেন, “এই সাদা ভদ্র লোক অরিজিনাল পাকি দালাল। আপনি বা এরা দেশের শিল্পী বাঁচান আন্দোলনে কখনো আসেনি। আবার এরাই ফ্যাসিবাদের সাথে ১৭ বছর আঁতাত করে এখনো সরব। ধিক্কার জানাই... আমাদের দেশের শিল্পীদের মেরে ফেলার জন্য এরাই দায়ী। আমাদের দেশের শিল্পী বাঁচান।”
দেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে মুহিন খান লেখেন, “এদেশে বন্যা বয়ে যাচ্ছে অথচ ভণ্ডরা ভ্রুক্ষেপহীন। আগে আমাদের সংস্কার করার অনুরোধ জানাচ্ছি।”
স্ট্যাটাসের শেষদিকে তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুদৃষ্টি আশা করি।” একই সঙ্গে #সবার_আগে_বাংলাদেশ হ্যাশট্যাগ ব্যবহার করেন।
মুহিন খানের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একাংশ দেশীয় শিল্পীদের আরও বেশি সুযোগ ও অগ্রাধিকার দেওয়ার দাবিতে তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে অনেকের মত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের বাংলাদেশে এনে কনসার্ট আয়োজন দেশের সংগীতপ্রেমীদের জন্য ইতিবাচক এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ বিষয়ে কনসার্টের আয়োজক কিংবা আতিফ আসলামের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/তা









মন্তব্য