• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে দেশে ফিরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

ব্যক্তিগত চিকিৎসা শেষে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে স্পিকার বলেন, "আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।"

সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, "যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন।"

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়ে স্পিকার বলেন, "আপনারা যে রকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি। তিনি পদত্যাগ করলে সেই অনুযায়ী তারপর যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, সেই জায়গাতে এটা অনুমাননির্ভর প্রশ্ন। সুতরাং উনি কী করবেন, না করবেন, আমি জানি না।"

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে। সে কারণেই আমি আগে ফিরে এসেছি।"

রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, "সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।"

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা
ফাইল ছবি
পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. মামুন হাসান। ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মো. মামুন হাসান