ফিফা বিশ্বকাপ ২০২৬
ম্যাচ শেষে যে বার্তা দিলো ইরান, ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠি ভাইরাল

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে ওঠার আশা জিইয়ে রেখেছে ইরান। ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামের ড্রেসিংরুমে আয়োজকদের উদ্দেশে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে যায় দলটি।
ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশিত ওই চিঠিতে দেশটির ঐতিহ্য ও জাতীয় চেতনার কথা তুলে ধরা হয়। চিঠিতে বলা হয়, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—আমাদের চেতনা এখনও জীবন্ত ও অটুট। লস অ্যাঞ্জেলেস, আপনার আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমরা গর্ব নিয়ে এসেছি, সম্মানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং মর্যাদা নিয়ে বিদায় নিচ্ছি।”
চিঠিতে দুই ম্যাচে দলকে সমর্থন দেওয়া ইরানি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এর পাশাপাশি বিশ্বশান্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে চিঠিটি শেষ করা হয়।
গ্রুপ ‘জি’-তে নিজেদের প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে খেলেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানসংক্রান্ত বিধিনিষেধের কারণে পুরো টুর্নামেন্টে মেক্সিকোর তিজুয়ানাকে বেসক্যাম্প হিসেবে ব্যবহার করছে দলটি। প্রতিটি ম্যাচ খেলতে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হচ্ছে তাদের।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের ফলই নির্ধারণ করবে ইরানের নকআউট পর্বে ওঠার ভাগ্য।
ভিওডি বাংলা/এফএ







