মেসিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

বিশ্ব ফুটবলে গড়লেন নতুন ইতিহাস আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপের কনিষ্ঠতম গোলদাতাদের তালিকায় ওপরে উঠে এলেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে নজর কাড়েন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
২০০৭ সালের ১৩ জুলাই জন্ম নেওয়া ইয়ামাল যখন গোলটি করেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৪৩ দিন। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের অষ্টম কনিষ্ঠতম গোলদাতা হিসেবে নিজের নাম লেখান।
এই কীর্তির পথে তিনি পেছনে ফেলেছেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে ৬-০ ব্যবধানের ম্যাচে মেসি যখন প্রথম বিশ্বকাপ গোল করেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।
মাত্র ১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে তালিকায় উপরের দিকে উঠে আসেন ইয়ামাল। একই সঙ্গে স্পেনের ইতিহাসে তিনি এখন দ্বিতীয় কনিষ্ঠতম বিশ্বকাপ গোলদাতা।
স্পেনের হয়ে তার ওপরে আছেন কেবল গাভি। ২০২২ বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে ৭-০ ব্যবধানে জয়ের ম্যাচে গাভির বয়স ছিল ১৮ বছর ১১০ দিন, যখন তিনি গোল করেন।
তবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড এখনো ধরে রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর ২৩৯ দিন। এখনো তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপে গোল করেছেন।
বিশ্বকাপ ইতিহাসে কনিষ্ঠ গোলদাতাদের শীর্ষ ১০ তালিকা
১. পেলে (ব্রাজিল) ১৭ বছর ২৩৯ দিন
২. ম্যানুয়েল রোসাস (মেক্সিকো) ১৮ বছর ৯৩ দিন
৩. গাভি (স্পেন) ১৮ বছর ১১০ দিন
৪. ইব্রাহিম এমবায়ে (সেনেগাল) ১৮ বছর ১৪৩ দিন
৫. মাইকেল ওয়েন (ইংল্যান্ড) ১৮ বছর ১৯০ দিন
৬. নিকোলাই কোভাকস (রোমানিয়া) ১৮ বছর ১৯৭ দিন
৭. দমিত্রি সিচেভ (রাশিয়া) ১৮ বছর ২৩১ দিন
৮. লামিনে ইয়ামাল (স্পেন) ১৮ বছর ৩৪৩ দিন
৯. লিওনেল মেসি (আর্জেন্টিনা) ১৮ বছর ৩৫৭ দিন
১০. জুলিয়ান গ্রিন (যুক্তরাষ্ট্র) ১৯ বছর ২৫ দিন
অ্যাটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ ও তুলনামূলকভাবে বয়স্ক সৌদি আরব দলকে শুরু থেকেই চাপে রাখে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন। ইয়ামালের রেকর্ড গড়া গোলের পর মিকেল ওয়াইরসাবালের জোড়া গোল ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের দখলে এনে দেয়।
ভিওডি বাংলা/এমএস







