• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেসির কাছ থেকে শেখার শেষ নেই: এনজো

স্পোর্টস ডেস্ক    ২২ জুন ২০২৬, ১১:১২ এ.এম.
ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে হাসিমুখেই একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে লিওনেল মেসি, নিজের ভূমিকা এবং আসন্ন অস্ট্রিয়া ম্যাচ—বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বলের দখল ধরে রেখে দলকে এগিয়ে নেওয়া।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ফার্নান্দেজ বলেন, ‘আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা সরাসরি ফুটবল খেলে এবং মাঝমাঠে খুবই আক্রমণাত্মক। তবে পুরো সপ্তাহজুড়ে আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি, সবকিছু আমাদের পক্ষেই যাবে।’

স্পেনের কোচের এক মন্তব্যের প্রসঙ্গও ওঠে সংবাদ সম্মেলনে। স্পেনের কোচ দাবি করেছিলেন, তাদের দলে বিশ্বের সেরা মিডফিল্ডাররা রয়েছেন। এ বিষয়ে ফার্নান্দেজ বলেন, ‘আমি তর্কে জড়াতে চাই না। কে ভালো বা খারাপ, তা মাঠেই প্রমাণিত হবে। তবে স্পেনের দলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়রা রয়েছে।’

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে হারানোর প্রসঙ্গে চেলসির এই মিডফিল্ডার বলেন, ‘আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। প্রতিপক্ষও ভালো খেলেছে। প্রচণ্ড গরম শারীরিক সক্ষমতায় প্রভাব ফেললেও আমরা দারুণ পারফরম্যান্স করেছি।’

দলে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘স্ক্যালোনি আমাকে সামনে এগিয়ে গিয়ে বক্সে ঢোকার নির্দেশ দিয়েছেন। এই ভূমিকায় আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের খেলার ধরনও বেশ সাবলীল ও গতিশীল।’

শুরুর একাদশে নিজের জায়গা নিয়ে ফার্নান্দেজ বলেন, ‘দলে ২৩ জন খেলোয়াড় আছে। আমি নিজেকে নিশ্চিতভাবে শুরুর একাদশের সদস্য মনে করি না। কোচ যাকে উপযুক্ত মনে করেন, তাকেই খেলান।’

বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে বাবা সবসময়ই অনুপ্রেরণার উৎস। ভোর ৫টায় উঠে কাজে যেতেন তিনি। তার পরিশ্রম আমাকে অনুপ্রাণিত করে। তিনি আমার আদর্শ।’

লিওনেল মেসির প্রসঙ্গে ফার্নান্দেজ বলেন, ‘আজ মেসির পাশে থেকে আমি যা শিখেছি, তা নিয়ে একটি বই লিখলেও শেষ করা যাবে না।’

কাতার বিশ্বকাপের পর নিজেকে আরও পরিণত মনে করেন ফার্নান্দেজ। তার ভাষায়, ‘চার বছরে আমি অনেক কিছু শিখেছি। তখন আমি তরুণ ছিলাম, এখন অনেক বেশি পরিণত।’

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেরালায় ভাসমান 'আর্জেন্টিনা' স্টেডিয়াম
কেরালায় ভাসমান 'আর্জেন্টিনা' স্টেডিয়াম
জাপানের কাছে ৪ গোল হজম, বিদায়ের পথে তিউনিসিয়া
জাপানের কাছে ৪ গোল হজম, বিদায়ের পথে তিউনিসিয়া
এলয় রমের ১৫ সেভ: কুরাসাওয়ের ঐতিহাসিক প্রথম পয়েন্ট
এলয় রমের ১৫ সেভ: কুরাসাওয়ের ঐতিহাসিক প্রথম পয়েন্ট