চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।
রোববার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে চীন রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চীনযাত্রার তথ্য নিশ্চিত করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদানসহ চীনের দালিয়ানে দুইদিন ব্যস্ত সময় কাটিয়ে প্রধানমন্ত্রী দেশটির রাজধানী বেইজিং যাবেন। সেখানে অনুষ্ঠিত হবে সরকারি সফরের মূল কর্মসূচি।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।
এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।
শনিবার (২১ জুন) দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে মালয়েশিয়া যান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফর।
ভিওডি বাংলা/এফএ







