শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড

৭৪ মিনিট পর্যন্ত ম্যাচে কোনো গোল ছিল না। এরপরই শুরু হয় গোলের বন্যা—ইনজুরি টাইমসহ মাত্র ২৩ মিনিটে আসে পাঁচটি গোল। শেষ পর্যন্ত বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউই সফল হতে পারেনি। বল দখল ও পাসে এগিয়ে ছিল সুইজারল্যান্ড, তবে বসনিয়ার রক্ষণভাগও দৃঢ় ছিল।
দ্বিতীয়ার্ধেও শুরুতে দুই দলই সুযোগ মিস করে। বিশেষ করে বসনিয়ার গোলরক্ষক ভাসিলজ একাধিক দারুণ সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন।
ম্যাচের ৭৪ মিনিটে জোহান মানজাম্বির গোলে ভাঙে গোলশূন্যতা। বদলি খেলোয়াড়দের সমন্বয়ে আসে প্রথম সাফল্য। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় সুইসরা।
৮০ মিনিটে বসনিয়ার মুহারেমোভিচ শেষ ডিফেন্ডার হিসেবে ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।
এরপর ৮৪ মিনিটে রুবেন ভার্গাস ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ৯০ মিনিটে আবারও মানজাম্বির গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
ইনজুরি টাইমে (৯৩ মিনিটে) মাহমিচ একটি দারুণ ভলিতে গোল করে ব্যবধান কমান (৩-১)। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গ্রানিত জাকা গোল করলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সুইজারল্যান্ড।
শেষ ২৩ মিনিটে ৫ গোলের এই ম্যাচ দর্শকদের জন্য হয়ে ওঠে রুদ্ধশ্বাস এক ফুটবল নাটক।
ভিওডি বাংলা/আ







