সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কেউ ঋণগ্রস্ত হতে পারেন, তবে ঋণখেলাপি হলে আইন অনুযায়ী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও নির্বাচনী বিধান অনুযায়ী আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে ঘোষিত কোনো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারেন না। ফলে নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো, তিনি আইনগতভাবে ঋণখেলাপি নন।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ঋণসংক্রান্ত মামলা থাকলেও তা আদালতে নিষ্পত্তি হয়ে গেলে এবং বৈধ প্রার্থী হিসেবে অনুমোদন পেলে তাকে আর ঋণখেলাপি বলা যায় না। এ কারণে বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা আইনগতভাবে সঠিক নয় এবং তা মানহানিকর।
অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার বিষয়ে কথা বলেছেন। সংসদের প্রথম অধিবেশনেও তিনি কয়েকজন সদস্যের ঋণসংক্রান্ত তথ্য তুলে ধরেছিলেন, যদিও কারও নাম প্রকাশ করেননি।
তিনি দাবি করেন, সংসদে উল্লেখযোগ্য সংখ্যক ঋণখেলাপি থাকলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই এটিকে ‘ঋণখেলাপিদের সংসদ’ হিসেবে আখ্যা দিতে পারে।
ভিওডি বাংলা/আ




